সরাসরি পর্বে যান
পর্ব ৫৮ · ৮৬-এর মধ্যে · মডিউল ৯

Experiment tracking — MLflow-এর run, parameter, metric আর artifact

Experiment Tracking with MLflow — Runs, Parameters, Metrics and Artifacts

Taught in Bangla, this lesson runs MLflow 3.18.0 tracking for the course's বাজারঘর late-delivery model. It separates the backend store from the artifact store behind a team tracking server, then logs a nested grid of five runs where logistic regression C=0.1 scored valid AUC 0.7375. It shows the LoggedModel entity, autolog logging 40 parameters but only training metrics, the skops trusted-types failure for HistGradientBoosting, and the champion alias in the registry.

এই পর্বে যা শিখবেন

  • MLflow-এর সত্তাগুলো (experiment, run, param, metric, tag, dataset, artifact, LoggedModel) কোথায় জমা হয়, আর একটি run কীভাবে RUNNING থেকে FINISHED হয়
  • দলের জন্য tracking server চালানো: backend store আর artifact store আলাদা করা, artifact proxy, PostgreSQL backend আর REST API
  • নিজে logging বনাম autolog: কোনটি কী লেখে, আর কোন metric দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক
  • Model লগ করা: signature, input example, skops আর তার বিশ্বস্ত type, LoggedModel-এর সাথে metric জোড়া
  • Dataset আর কোড-ডেটার hash দিয়ে lineage, nested run-এ ছোট grid, step-সহ metric, আর search_runs দিয়ে champion খুঁজে registry পর্যন্ত

১ · একটি খাতা, অনেক হাত — দলের experiment tracking কেন

কারওয়ান বাজারের একটি আড়তে পাঁচজন কর্মচারী মাল কেনেন। প্রত্যেকে নিজের ছোট নোটবুকে লেখেন কোন চালান কত দামে, কোন ট্রাকে, কোন মহাজনের কাছ থেকে। মাস শেষে মালিক জানতে চান “গত মাসে সবচেয়ে ভালো চালান কোনটি ছিল, আর সেটি আবার আনা যায় কি?” তখন পাঁচটি নোটবুক, পাঁচ রকম হাতের লেখা, কারও পাতায় ট্রাকের নম্বর নেই, কারও নোটবুক হারিয়েছে। আড়ত যা চায় তা হলো একটি সবার খাতা: একই ছকে, এক জায়গায়, যেখানে হিসাবের লাইন ছোট খাতায় আর চালানের রসিদ আলাদা আলমারিতে, কিন্তু প্রতিটি লাইনে রসিদের নম্বর লেখা।

একজনের ডেস্কে MLflow চালানো, param আর metric লেখা, আর UI-তে দুটি run তুলনা করা Machine Learning কোর্সের পর্ব ০৪-এ দেখেছেন; seed, config আর ablation-এর ধারণাও সেখানে আছে, আর deep learning-এর দিকটি Deep Learning কোর্সের পর্ব ১৯-এ। এই পর্ব সেখান থেকে শুরু করে দলের স্তরে যায়: কয়েকজন মানুষ, Airflow-এর মতো স্বয়ংক্রিয় job আর CI একই খাতায় লেখে; খাতাটি কোথায় থাকে, কীভাবে ভাগ হয়, কী লেখা উচিত আর কী কখনোই নয়।

Experiment tracking-এর কাজ তিনটি প্রশ্নের উত্তর রাখা। এক, কী করেছিলাম: কোড, ডেটা, hyperparameter. দুই, কী পেয়েছিলাম: metric আর model ফাইল। তিন, কোনটি কোথায় গেল: কোন run-এর model আজ production-এ। পর্ব ৫৬-এ (Reproducibility — environment, lock file, seed আর data snapshot) একটি run আবার পাওয়ার উপাদানগুলো আসে, আর পর্ব ৫৭-এ (Data আর model versioning — DVC) ডেটার version. Tracking সেই সব সূত্র এক জায়গায় বেঁধে রাখে।

এই পর্বের সব সংখ্যা এসেছে কোর্সের ল্যাবে (পর্ব ০৬) চালানো সত্যিকারের run থেকে: MLflow 3.18.0 (Apache-2.0), scikit-learn 1.9.1 (BSD-3), Python 3.12.16, WSL Ubuntu 24.04-এ। ডেটা বাজারঘরের fct_deliveries (dbt-oss 2.0.11, 24 total | 24 success), আর split ঢাকার অর্ডারের তারিখে: train ০১-০১…০২-১৪ (২,৬৪৩), valid ০২-১৫…০২-২৮ (৮৩৪)। আগে reference script train.py চালিয়ে মিলিয়ে নিলাম: logreg valid AUC ০.৭৩৬৫, hgb ০.৭২৩৮, champion logreg, ঠিক কোর্সের binding সংখ্যা।

২ · MLflow-এর সত্তাগুলো — কী, কোথায়, কেন

MLflow-এর tracking অংশ কয়েকটি সত্তা দিয়ে গড়া। প্রতিটি কোন ভাণ্ডারে যায় তা জানা জরুরি, কারণ backup, অনুমতি আর মোছার নিয়ম দুই ভাণ্ডারে আলাদা।

সত্তাকীবাজারঘরে উদাহরণকোথায় জমা
Experimentএকটি সমস্যার সব run-এর ঘরbazarghar-late-deliverybackend
Runএকবার training বা মূল্যায়ন; id, নাম, সময়, statuslogreg-C1.0, FINISHEDbackend
Paramrun-এর আগে ঠিক করা মান, string হিসেবে, একবারই লেখা যায়C=1.0, split_tz=Asia/Dhakabackend
Metricসংখ্যা, সময় আর step-সহ; একই key-তে অনেক মানvalid_auc=0.7365backend
Tagবদলানো যায় এমন লেবেল; MLflow নিজেও কিছু লেখেdata_deliveries_md5backend
Dataset inputকোন ডেটা, তার নাম, digest আর schematrain_2026-01-01_02-14backend
Artifactযেকোনো ফাইল: JSON, ছবি, রিপোর্টeval/metrics_by_window.jsonartifact store
LoggedModelMLflow 3-এ model-এর নিজস্ব সত্তা, model_id-সহm-d74b76b1…metadata backend-এ, ফাইল artifact store-এ

Param আর metric-এর পার্থক্য পরীক্ষায় প্রায়ই আসে। Param ইনপুট: run শুরুর আগে আপনি বেছে দেন, আর একই run-এ একই key আবার অন্য মানে লেখা যায় না। Metric ফল: সংখ্যা, আর একই key-তে অনেকবার লেখা যায়, প্রতিবার একটি step আর সময়সহ, যেমন boosting-এর প্রতি ২৫ iteration-এ validation AUC. Tag হলো পরে বদলানো যায় এমন লেবেল, যেমন “owner” বা ডেটার hash.

একটি run শুরু থেকে শেষ পর্যন্ত কী লেখে, তা ল্যাবে একটি খালি SQLite store-এ ধাপে ধাপে গুনে দেখেছি। প্রতিটি call-এর পরে backend-এর টেবিলে সারি আর artifact folder-এ ফাইল গোনা হয়েছে:

trace.db (backend) · art/ (artifact store) · MLflow 3.18.0
call
status
params / metrics
tags
artifact ফাইল
  1. শুরুর আগে: experiment আছে, কিন্তু run নেই। সব গণনা শূন্য।
  2. start_run: runs টেবিলে একটি সারি, status RUNNING. MLflow নিজে চারটি tag লেখে: mlflow.runName, mlflow.source.name, mlflow.source.type, mlflow.user.
  3. log_params: model, C আর threshold, তিনটি সারি params-এ। এগুলো আর বদলানো যাবে না।
  4. log_metric দুবার: valid_auc ০.৭৩৬৫ আর valid_log_loss ০.৫, প্রতিটি সময় আর step-সহ metrics-এ।
  5. set_tag: ডেটার hash একটি tag হিসেবে; মোট tag পাঁচ।
  6. log_dict: একটি JSON ফাইল artifact store-এ গেল। Backend-এর কোনো গণনা বাড়েনি: ফাইলটি টেবিলে নেই, আছে folder-এ।
  7. end_run: status FINISHED আর শেষের সময়। Script মাঝপথে ভেঙে পড়লে run RUNNING-এ আটকে থাকতে পারে, বা with block থেকে exception বেরোলে FAILED হয়।

একই ধারণা ব্রাউজারে একটি খেলনা tracker দিয়ে দেখুন। এটি MLflow নয়, শুধু দুই ভাণ্ডারের ভাগ বোঝানোর জন্য বানানো: সংখ্যা আর লেবেল যায় একটি “টেবিলে”, ফাইল যায় একটি “folder”-এ, আর run-এর সারিতে শুধু folder-এর ঠিকানা থাকে।

# একটি খেলনা tracker: backend = সারির তালিকা, artifact store = path → bytes
import json
backend = {"runs": [], "params": [], "metrics": [], "tags": []}
artifacts = {}

def start_run(rid, name):
    backend["runs"].append({"id": rid, "name": name, "status": "RUNNING",
                            "artifact_uri": f"art/{rid}/artifacts"})
def log_param(rid, k, v):
    if any(p["run"] == rid and p["key"] == k for p in backend["params"]):
        raise ValueError(f"param {k} already logged")   # param একবারই
    backend["params"].append({"run": rid, "key": k, "value": str(v)})
def log_metric(rid, k, v, step=0):
    backend["metrics"].append({"run": rid, "key": k, "value": v, "step": step})
def log_dict(rid, d, path):
    artifacts[f"art/{rid}/artifacts/{path}"] = json.dumps(d).encode()

start_run("fb3d644e", "logreg-C1.0")
log_param("fb3d644e", "C", 1.0)
log_metric("fb3d644e", "valid_auc", 0.7365)
log_dict("fb3d644e", {"valid": {"auc": 0.7365, "n": 834}}, "eval/metrics.json")
try:
    log_param("fb3d644e", "C", 0.1)
except ValueError as e:
    print("error:", e)
backend["runs"][0]["status"] = "FINISHED"
rows = sum(len(v) for v in backend.values())
print("backend rows:", rows, "| bytes in backend ≈", len(json.dumps(backend)))
for path, b in artifacts.items():
    print("artifact:", path, len(b), "bytes")
print("run row points to:", backend["runs"][0]["artifact_uri"])

আসল আউটপুট (ব্রাউজারের Python):

error: param C already logged
backend rows: 3 | bytes in backend ≈ 272
artifact: art/fb3d644e/artifacts/eval/metrics.json 36 bytes
run row points to: art/fb3d644e/artifacts

দ্বিতীয়বার C লিখতে গেলে error: MLflow-ও একই run-এ একই param ভিন্ন মানে নিতে দেয় না, কারণ param run-এর ইনপুটের দলিল। Backend-এ তিনটি ছোট সারি (run, param আর metric-এর একটি করে), প্রায় ২৭২ byte, আর ৩৬ byte-এর JSON ফাইলটি আলাদা ঘরে; run-এর সারি শুধু তার ঠিকানা রাখে। আসল MLflow-এ backend হলো একটি SQL database, ঠিকানাটি artifact_uri.

৩ · দলের কাঠামো — tracking server, backend store আর artifact store

একা কাজ করলে mlflow.set_tracking_uri("sqlite:///mlflow.db") যথেষ্ট: database আর artifact দুটিই নিজের disk-এ। দলে সেটি চলে না, কারণ প্রত্যেকের আলাদা ফাইল, আর Airflow-এর worker আপনার ল্যাপটপের ফাইল দেখতে পায় না। সমাধান একটি কেন্দ্রীয় tracking server: একটি HTTP সেবা, যার পেছনে backend store একটি SQL database আর artifact store একটি বড় ফাইলের ভাণ্ডার। Client-রা শুধু server-এর URL জানে।

দলের MLflow: তিন রকম client, একটি server, দুটি ভাণ্ডার

Server REST API দিয়ে run-এর তথ্য নেয়, আর artifact proxy দিয়ে ফাইল; বাঁয়ে ছোট সারি, ডানে বড় ফাইল

MLflow tracking server, backend store আর artifact store ল্যাপটপ notebook Airflow training job CI test run HTTP MLflow tracking server 127.0.0.1:9104 · uvicorn REST: /api/2.0/mlflow/… proxy: /api/2.0/mlflow-artifacts/… Backend store SQLite / PostgreSQL ৭১টি টেবিল runs · params metrics · tags logged_models Artifact store folder / object storage বড় ফাইল model.skops · MLmodel JSON · PNG input_example UI · search_runs তুলনা, খোঁজ, registry

ল্যাবে আমার নিজের পোর্টে (127.0.0.1:9104) server চালালাম, backend SQLite আর artifact একটি folder:

$ mlflow server --backend-store-uri sqlite:///~/lab/srv/mlflow.db \
    --artifacts-destination ~/lab/srv/artifacts \
    --host 127.0.0.1 --port 9104 --workers 1
[MLflow] Security middleware enabled with default settings (localhost-only). To allow
connections from other hosts, use --host 0.0.0.0 and configure --allowed-hosts and
--cors-allowed-origins.
INFO:     Uvicorn running on http://127.0.0.1:9104 (Press CTRL+C to quit)
$ curl -s http://127.0.0.1:9104/health
OK

সত্যিকারের run, MLflow 3.18.0: /health সাড়া দিল প্রায় ১৪ সেকেন্ডে। ঠিক সেই মুহূর্তে তিনটি process দেখা যায়: মূল mlflow server, uvicorn-এর worker আর একটি job runner. কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে job runner আরও আটটি background consumer (huey) চালু করে, তাই --workers 1 দিয়েও মোট ১১টি process, প্রতিটির RSS প্রায় ২৫০–২৮০ MB, আর ভাগ করা মেমরি ঠিকমতো ভাগ করে গুনলে (PSS) মোট প্রায় ২.১ GB. --workers না দিলে uvicorn-এর চারটি worker থাকে: ১৬টি process, PSS প্রায় ২.৭ GB (দুটিই /health-এর ১০ সেকেন্ড পরে মাপা)। দলের জন্য ছোট একটি যন্ত্রই যথেষ্ট, কিন্তু ল্যাপটপে খুলে রেখে ভুলে যাওয়ার মতো হালকা মোটেই নয়। কাজ শেষে পুরো process group-টি PID ধরে বন্ধ করেছি।

এবার একজন সহকর্মীর (ধরুন রাফি) script শুধু URL বদলে server-এ লিখল: mlflow.set_tracking_uri("http://127.0.0.1:9104"), তারপর একটি param, একটি metric, একটি tag আর একটি JSON artifact. Server-এর log-এ প্রতিটি call একটি REST অনুরোধ হয়ে দেখা দেয়:

MLflow 3.18.0 · 127.0.0.1:9104 · server.log
অনুরোধ
উত্তর
কোথায় লেখা
  1. Experiment খোঁজা: নতুন server-এ bazarghar-late-delivery নেই, তাই 404. এটি error নয়, set_experiment-এর প্রথম ধাপ।
  2. Experiment বানানো: id ১, আর তার artifact location হলো mlflow-artifacts:/1, কোনো disk-এর পথ নয়।
  3. Run বানানো: backend-এ নতুন সারি, status RUNNING.
  4. log-batch: log_params-এর তিনটি param একটি অনুরোধে।
  5. log-metric: valid_auc ০.৭৩৬৫।
  6. set-tag: owner=rafi.
  7. Artifact: ফাইলটি HTTP PUT হয়ে server-এর proxy দিয়ে artifacts/1/<run_id>/artifacts/notes/readme.json-এ গেল। Client-এর disk-এর পথ জানার দরকার নেই।
  8. runs/update: run শেষ, status FINISHED.
run_id 930094af
artifact_uri mlflow-artifacts:/1/930094af5dfb46d98d970df0d0b01378/artifacts
experiment artifact_location mlflow-artifacts:/1

mlflow-artifacts:/ URI মানে “server-এর মাধ্যমে”। একে বলে artifact proxy: client-কে object storage-এর চাবি দিতে হয় না, server-ই একমাত্র যে storage ছোঁয়। অন্য পথ হলো --default-artifact-root দিয়ে client-কে সরাসরি storage-এ লিখতে দেওয়া, তখন প্রত্যেক client-এর storage-এর অনুমতি লাগে। কোনটি বাছবেন তা নিরাপত্তা আর bandwidth-এর দর-কষাকষি: বড় model-এ proxy একটি চাপের বিন্দু হতে পারে। S3, GCS বা Azure Blob এখানে ধারণা মাত্র; ল্যাবে এগুলো নেই, আর সত্যিকারের object storage চালানোর অভ্যাস Cloud ও DevOps কোর্সের পর্ব ২১-এ।

Server খোলার আগে: MLflow 3.18-এর server নিজে থেকে শুধু localhost মানে, আর বার্তাটি নিজেই বলে --allowed-hosts আর --cors-allowed-origins ঠিক না করে বাইরে খুলবেন না। Tracking server-এ model ফাইল থাকে, আর model ফাইল খোলা মানে কোড চালানোর সুযোগ (অংশ ৫)। দলে খোলার আগে login বা reverse proxy, TLS আর নেটওয়ার্কের সীমা লাগবে; Cybersecurity কোর্স এই নীতিগুলো শেখায়।

Backend store-এর ভেতরে: শুধু SQL টেবিল

Backend store-এর SQLite ফাইল খুললে MLflow 3.18-এ ৭১টি টেবিল পাওয়া যায়: tracking-এর experiments, runs, params, metrics, latest_metrics, tags, datasets, inputs, MLflow 3-এর logged_models ও তার metric-param-tag টেবিল, registry-র registered_models, model_versions, registered_model_aliases, আর GenAI-এর trace, assessment ও scorer-এর অনেক টেবিল। টেবিল বানায় SQLAlchemy আর Alembic migration. PostgreSQL-এ একই grid চালিয়েও ৭১টি টেবিল পেয়েছি (নিচে)। তাই যা দেখেন তা শুধু একটি সাধারণ database: DBMS ও SQL কোর্সের join আর filter দিয়েই পড়া যায়।

নিচের SQL block-এ আমার ল্যাবের team store (team.db) থেকে তিনটি টেবিলের একটি টুকরো আছে, সত্যিকারের সারি, run id প্রথম ৮ অক্ষরে ছোট করা। এতে সাতটি run (একটি parent, পাঁচটি child, একটি ব্যর্থ) আর তাদের কয়েকটি param ও metric. Query-টি search_runs যা করে তার একটি হাতে লেখা রূপ: শুধু child run, valid AUC ০.৭২-এর বেশি, বড় থেকে ছোট।

-- search_runs-এর হাতে লেখা রূপ:
-- child run, metrics.valid_auc > 0.72, ORDER BY valid_auc DESC
SELECT r.name,
       pm.value AS model,
       COALESCE(pc.value, pd.value) AS knob,
       m.value  AS valid_auc,
       ll.value AS valid_log_loss
FROM runs r
JOIN latest_metrics m  ON m.run_uuid = r.run_uuid AND m.key = 'valid_auc'
JOIN latest_metrics ll ON ll.run_uuid = r.run_uuid AND ll.key = 'valid_log_loss'
JOIN params pm ON pm.run_uuid = r.run_uuid AND pm.key = 'model'
LEFT JOIN params pc ON pc.run_uuid = r.run_uuid AND pc.key = 'C'
LEFT JOIN params pd ON pd.run_uuid = r.run_uuid AND pd.key = 'max_depth'
WHERE r.parent <> '' AND r.status = 'FINISHED' AND m.value > 0.72
ORDER BY m.value DESC, ll.value ASC;

আসল আউটপুট (ব্রাউজারের SQLite):

name           | model  | knob | valid_auc | valid_log_loss
logreg-C0.1    | logreg | 0.1  | 0.7375    | 0.4997
logreg-C1.0    | logreg | 1.0  | 0.7365    | 0.5
logreg-C10.0   | logreg | 10.0 | 0.7365    | 0.5
hgb-max_depth3 | hgb    | 3    | 0.7238    | 0.5081

চারটি সারি, আর ল্যাবের mlflow.search_runs একই চারটি run দিয়েছিল (অংশ ৭)। hgb-max_depth5 (০.৬৯৯১) সীমার নিচে বলে বাদ, parent আর ব্যর্থ run-এর valid_auc নেই বলে join-এই বাদ। লক্ষ করুন param-এর মান TEXT: MLflow সব param string হিসেবে রাখে, তাই params.C > 1 জাতীয় সংখ্যার তুলনা param-এ চলে না, metric-এ চলে।

PostgreSQL backend: একটি ছোট ফাঁদসহ

দলে SQLite-এর বদলে PostgreSQL বা MySQL রাখা স্বাভাবিক: কয়েকটি writer একসাথে, backup আর replication চেনা পথে। ল্যাবে নিজের database dem_experiment_tracking_mlflow বানিয়ে (local socket দিয়ে, password ছাড়া) একই grid script চালালাম। Driver হিসেবে psycopg2-binary 2.9.11 (LGPL) নিজের আলাদা folder-এ বসালাম, কারণ ML-এর shared venv-এ PostgreSQL driver নেই।

$ python track_grid.py 'postgresql://lab@/dem_experiment_tracking_mlflow?host=/var/run/postgresql'
  ...
  File ".../sqlalchemy/dialects/postgresql/psycopg.py", line 497, in import_dbapi
ModuleNotFoundError: No module named 'psycopg'

সত্যিকারের run: ল্যাবের SQLAlchemy 2.1.9-এ postgresql:// ঠিকানা এখন psycopg (version 3) driver খোঁজে, psycopg2 নয়। পুরোনো tutorial-এর URI তাই নীরবে ভিন্ন driver চায়। সমাধান driver-এর নাম লিখে দেওয়া:

$ python track_grid.py 'postgresql+psycopg2://lab@/dem_experiment_tracking_mlflow?host=/var/run/postgresql'
logreg-C0.1        run b0c89d3d model_id m-10a2f214 valid_auc 0.7375 eid_auc 0.7457
logreg-C1.0        run 57a78595 model_id m-f69d5ccf valid_auc 0.7365 eid_auc 0.7451
logreg-C10.0       run 4d46364c model_id m-7b212c46 valid_auc 0.7365 eid_auc 0.7451
hgb-max_depth3     run 7a134c85 model_id m-322fd476 valid_auc 0.7238 eid_auc 0.7286
hgb-max_depth5     run 5a81ae7f model_id m-5ec56322 valid_auc 0.6991 eid_auc 0.7115
$ psql -d dem_experiment_tracking_mlflow -c "select count(*) from information_schema.tables where table_schema='public'"
 71
$ psql -d dem_experiment_tracking_mlflow -c "select version_num from alembic_version"
 f4a9b2c7d1e6

Metric হুবহু SQLite-এর মতো, শুধু id নতুন: backend বদলালে model বদলায় না, বদলায় শুধু খাতাটি কোথায়। Database-এর আকার হলো ১১ MB, যার বেশিরভাগ ফাঁকা ৭১টি টেবিল আর index. alembic_version-এর মানটি মনে রাখার মতো: MLflow version বাড়ালে mlflow db upgrade <URI> দিয়ে schema migration চালাতে হয়, তাই upgrade-এর আগে database-এর backup নিন। কাজ শেষে database মুছে ফেলেছি (dropdb).

৪ · নিজে logging বনাম autolog — কে কী লেখে

mlflow.sklearn.autolog() একটি লাইন: এরপর প্রতিটি fit() নিজে থেকে একটি run বানায়, estimator-এর সব param, কিছু training metric, ছবি আর model লেখে। প্রথম দিনের জন্য চমৎকার। কিন্তু autolog কী লেখে আর কী লেখে না, তা না জেনে দল চালানো বিপজ্জনক। বাজারঘরের দুটি pipeline (logreg আর hgb) একই train ডেটায় autolog চালু রেখে fit করলাম, আর fit-এর পরে নিজে validation AUC হিসাব করলাম:

--- logreg: 40 params, 7 metrics, valid auc computed 0.7365
clf params: {'clf__C': '1.0', 'clf__max_iter': '1000', 'clf__random_state': 'None', 'clf__solver': 'lbfgs'}
metrics: {'training_precision_score': 0.7526921727139958, 'training_recall_score': 0.781309118426031,
 'training_f1_score': 0.7423527559432542, 'training_accuracy_score': 0.781309118426031,
 'training_log_loss': 0.47455693103473245, 'training_roc_auc': 0.7449688640925541,
 'training_score': 0.781309118426031}
inputs: [('dataset', '0318f6a9', 'code'), ('dataset', '59e3faa6', 'code')]
artifacts: ['estimator.html', 'training_confusion_matrix.png', 'training_precision_recall_curve.png', 'training_roc_curve.png']
--- hgb: 44 params, 7 metrics, valid auc computed 0.7238
metrics: {..., 'training_log_loss': 0.43395554919963036, 'training_roc_auc': 0.8048454268148124, ...}
WARNING mlflow.sklearn: Saving scikit-learn models in the pickle or cloudpickle format requires
exercising caution ... The recommended safe alternative is the 'skops' format.
FutureWarning: `y_pred` was renamed to `y_proba` in version 1.9 and will be removed in 1.11.

সত্যিকারের run, MLflow 3.18.0 ও scikit-learn 1.9.1. চারটি জিনিস লক্ষ করুন। এক, metric-গুলোর নামে training_: সব train ডেটার ওপর মাপা। আমার নিজের হিসাবের validation AUC-র কোনো চিহ্ন নেই, কারণ আমি predict_proba(...)[:, 1] কেটে নতুন array বানিয়েছিলাম, যাকে autolog চিনতে পারেনি। দুই, training-এ hgb ০.৮০৪৮, logreg ০.৭৪৫০; validation-এ উল্টো, logreg ০.৭৩৬৫ বনাম hgb ০.৭২৩৮। শুধু autolog-এর সংখ্যা দেখে model বাছলে দল ভুলটি বাছত: train আর valid-এর এই ফাঁক overfitting-এর চেনা লক্ষণ। তিন, autolog model রেখেছে pickle বা cloudpickle-এ, সতর্কবার্তাসহ; তাই hgb-এর skops সমস্যা (অংশ ৫) এখানে দেখাই যায়নি। চার, autolog নিজেই scikit-learn 1.9-এর একটি পুরোনো argument নাম ব্যবহার করছে, যা 1.11-এ সরবে: একটি tool-এর সাথে আরেকটির version মেলানোর ঝুঁকি।

MLflow 3.18.0 · logreg C=1.0 · একই train ডেটা
দিক
autolog
নিজে
  1. Param: autolog pipeline-এর সব param (৪০টি, hgb-এ ৪৪টি) লেখে, এমনকি clf__n_jobs-ও। নিজের run-এ ছয়টি: C, model, threshold, train_from, train_to আর split_tz. বেশি param খোঁজাকে কঠিন করে, কম param তথ্য হারায়; দলের একটি তালিকা লাগে।
  2. Metric: দুটিতেই সাতটি, কিন্তু ভিন্ন জিনিস: autolog-এর সব training_, আমার সব valid_.
  3. কোন ডেটায়: autolog-এর metric ২,৬৪৩টি train সারির; নিজের metric ৮৩৪টি validation সারির, যা model দেখেনি।
  4. Dataset: autolog দুটি input লিখেছে, দুটির নামই dataset, উৎস code. নিজের run-এ নাম train_2026-01-01_02-14 আর valid_2026-02-15_02-28, digest 60a6328e আর 8cd34300.
  5. Model ফাইল: autolog pickle-এ রাখল, সতর্কবার্তাসহ; নিজে logging-এ MLflow 3.18-এর default, skops.
  6. Artifact: autolog চারটি ফাইল (estimator-এর HTML আর তিনটি training-চিত্র); নিজের run-এ চারটি সময়-জানালার metric-এর JSON.
  7. সিদ্ধান্ত: autolog-এর training AUC hgb-কে এগিয়ে রাখে (০.৮০৪৮ বনাম ০.৭৪৫০), validation logreg-কে (০.৭৩৬৫ বনাম ০.৭২৩৮)। সিদ্ধান্তের metric সবসময় নিজে, নির্দিষ্ট জানালায়, নির্দিষ্ট নামে লিখুন।

দলের জন্য একটি ভালো মাঝামাঝি পথ: autolog চালু রাখুন param আর পরিবেশের তথ্যের জন্য, কিন্তু log_models=False দিয়ে model নিজে লগ করুন, আর সিদ্ধান্তের metric নিজে, দলের ঠিক করা নামে লিখুন (valid_auc, eid_rush_auc…)। Autolog-এর default আর আচরণ version-ভেদে বদলায়, তাই আপনার installed version-এর docs পড়ুন।

৫ · Model লগ করা — signature, skops আর MLflow 3-এর LoggedModel

mlflow.sklearn.log_model() model-এর সাথে কয়েকটি ফাইল লেখে। Logreg C=1.0-এর MLmodel ফাইলের মূল অংশ (সত্যিকারের, পথ ছোট করা):

flavors:
  python_function:
    loader_module: mlflow.sklearn
    model_path: model.skops
    python_version: 3.12.16
  sklearn:
    serialization_format: skops
    sklearn_version: 1.9.1
    skops_trusted_types: null
mlflow_version: 3.18.0
model_id: m-d74b76b1dd254119a9cbaae5a11dce26
model_size_bytes: 104486
run_id: fb3d644e0d664a9aa2f5b6a1df7bbb72
signature:
  inputs: '[{"type": "string", "name": "courier", "required": true}, {"type": "string",
    "name": "payment_method", ...}, {"type": "string", "name": "zone", ...},
    {"type": "double", "name": "parcel_weight_kg", ...}, ... {"type": "double", "name": "is_night", ...}]'
  outputs: '[{"type": "tensor", "tensor-spec": {"dtype": "float64", "shape": [-1]}}]'

Signature হলো model-এর ইনপুট-আউটপুটের চুক্তি: আটটি কলাম, নাম আর type. এখানে zone একটি string, কারণ train.py zone-কে category হিসেবে string বানায়; serving-এ কেউ সংখ্যা ৩ পাঠালে signature তা ধরতে পারে। Input example দুটি আসল train সারি (drut, bkash, "2", 0.18 kg …), যা পরে serving পরীক্ষায় কাজে লাগে। পাশে requirements.txt-এ MLflow নিজে থেকে package-এর version লিখেছে: mlflow==3.18.0, scikit-learn==1.9.1, skops==0.16.0 ইত্যাদি, কিন্তু সাথে dask, rich-এর মতো কয়েকটি যা এই model-এর আসলে লাগে না। এই অনুমান-করা তালিকা পর্ব ৫৬-এর lock file-এর বিকল্প নয়।

skops-এর ফাঁদ, সত্যিকারের error দিয়ে

skops একটি নিরাপদ ফরম্যাট: খোলার আগে ফাইলের ভেতরের type-এর তালিকা মেলায়, অচেনা type পেলে খোলে না। Pickle-এর মতো খোলার সময় যেকোনো কোড চালানোর সুযোগ থাকে না। MLflow 3.18-এ scikit-learn model-এর default এটিই। Logreg-এর সব type বিশ্বস্ত তালিকায় আছে, কিন্তু HistGradientBoosting-এর একটি নেই। skops_trusted_types ছাড়া hgb লগ করলে:

ERROR mlflow.exceptions.MlflowException
The saved sklearn model references untrusted types. If you are sure loading these types is
safe, set the 'skops_trusted_types' parameter when calling 'log_model' or 'save_model' to the
list of trusted types. Root error: Untrusted types found in the file:
['sklearn.ensemble._hist_gradient_boosting.predictor.TreePredictor'].

- sklearn.ensemble._hist_gradient_boosting.predictor.TreePredictor: ... stores raw node indices
(left, right, feature_idx) in its nodes array that scikit-learn indexes into without bounds
checking. A malicious file can set these to out-of-range values: skops loads the object
successfully, but calling .predict() on it can then crash the process (segfault) or read
out-of-bounds memory. ...
Only add the specific types you have reviewed and trust to the `trusted` argument; avoid passing
everything reported by get_untrusted_types() just to make a file load.

সত্যিকারের run. বার্তাটি নিজেই কারণ বলে: এই type-এর ভেতরের node-এর সূচক সীমা যাচাই ছাড়া ব্যবহার হয়, তাই অচেনা উৎসের ফাইলে বিপদ। নিজের বানানো model হলে ঠিক সেই একটি type-কে বিশ্বস্ত বলুন:

mlflow.sklearn.log_model(
    pipe, name="model", input_example=X.head(2),
    signature=infer_signature(X, pipe.predict_proba(X)[:, 1]),
    skops_trusted_types=["sklearn.ensemble._hist_gradient_boosting.predictor.TreePredictor"])

আরেকটি সত্যিকারের পর্যবেক্ষণ: ব্যর্থ চেষ্টাটি store-এ চিহ্ন রেখে গেছে। search_logged_models ছয়টি model দেখাল: পাঁচটি READY, আর একটি m-fc4815b3 যার status FAILED, run hgb-skops-trap-এর। দলের store-এ এমন আবর্জনা নিয়মিত পরিষ্কারের নিয়ম লাগে (অংশ ৮)।

LoggedModel: model এখন run-এর ভেতরের ফাইল নয়

MLflow 2-তে model ছিল একটি run-এর artifact folder-এর ভেতরে। MLflow 3-এ model একটি আলাদা সত্তা, LoggedModel: তার নিজের model_id (m-…), নিজের status, param, tag আর metric, আর তাকে কোন run বানিয়েছে তার রেকর্ড (source_run_id). ল্যাবে ফাইলের বিন্যাসেও তা দেখা যায়: run-এর folder-এ শুধু eval/metrics_by_window.json, আর model-গুলো artifacts/models/m-…/artifacts/-এ। Metric-কে model-এর সাথে জুড়তে log_metrics-এ model_id আর dataset দিয়েছি:

info = mlflow.sklearn.log_model(pipe, name="model", ...)
mlflow.log_metrics({"valid_auc": 0.7365, ...}, model_id=info.model_id, dataset=valid_ds)
# পরে:
mlflow.search_logged_models(experiment_ids=[eid],
    order_by=[{"field_name": "metrics.valid_auc", "ascending": False}], output_format="list")
m-50b3b68f model source_run defeac3d status READY {'valid_auc': 0.7375}
m-76812f92 model source_run 3614473d status READY {'valid_auc': 0.7365}
m-d74b76b1 model source_run fb3d644e status READY {'valid_auc': 0.7365}
m-506a23a0 model source_run 25a85c37 status READY {'valid_auc': 0.7238}
m-70eccbbc model source_run d7af92a4 status READY {'valid_auc': 0.6991}
metric objects on model: [('valid_late_rate', 0.2566, 'valid_2026-02-15_02-28', 'defeac3d'), ...]

প্রতিটি model-এর metric জানে সে কোন dataset-এ (valid_2026-02-15_02-28) আর কোন run-এ মাপা। একটি run একাধিক model বানাতে পারে, আর একটি model-কে পরে অন্য dataset-এ মূল্যায়ন করে একই model_id-তে metric যোগ করা যায়; MLflow 3 এই সম্পর্কটিকে প্রথম শ্রেণির করেছে, মূলত GenAI-এর prompt আর agent version-এর কথা ভেবে, কিন্তু সাধারণ ML-এও কাজে লাগে। ফাইলের আকারও লক্ষ করুন: logreg-এর model.skops ১,০৩,৭৪১ byte, hgb depth 3-এর ১২,৬৬,৬৫৪, depth 5-এর ১৫,৩৬,৭৯৮; পাঁচটি model আর JSON মিলিয়ে artifact store ৩১,৩৩,০২৯ byte, আর backend-এর team.db ১০,৪০,৩৮৪ byte.

৬ · Dataset, hash আর lineage — কোন ডেটা, কোন কোড

একটি metric তখনই অর্থবহ যখন জানা থাকে কোন ডেটায় মাপা। MLflow-এ ডেটার পরিচয় রাখার দুটি পথ আছে, আর দলের উচিত দুটিই ব্যবহার করা।

এক, mlflow.data আর log_input: একটি pandas DataFrame থেকে dataset বানালে MLflow তার schema আর একটি ছোট digest হিসাব করে। ল্যাবে train জানালার digest 60a6328e, valid-এর 8cd34300; প্রতিটি child run-এ দুটি input, context training আর validation:

train_ds = mlflow.data.from_pandas(train_df, name="train_2026-01-01_02-14",
                                   source="fct_deliveries (dbt, bazarghar.duckdb)", targets="is_late")
mlflow.log_input(train_ds, context="training")
# run.inputs → [('train_2026-01-01_02-14', '60a6328e', ['training']),
#               ('valid_2026-02-15_02-28', '8cd34300', ['validation'])]

Digest DataFrame-এর বিষয়বস্তু থেকে হিসাব হয়, তাই একটি সারি বদলালে digest বদলায়। কিন্তু এটি ডেটার পরিচয়, ডেটার কপি নয়: digest দেখে জানবেন দুটি run একই ডেটায় কি না, কিন্তু পুরোনো ডেটা ফেরত পাবেন না। ফেরত পাওয়ার কাজ পর্ব ৫৭-এর DVC বা পর্ব ৪৯-এর time travel-এর। মনে রাখুন পর্ব ৪৯-এর vacuum: যে snapshot-এ model train হয়েছিল তা মুছে গেলে tracking-এর digest শুধু একটি অনাথ নাম।

দুই, tag-এ hash: parent run-এ আমি নিজে চারটি tag লিখেছি: code_md5 (script-এর md5-এর প্রথম ১২ অক্ষর), data_orders_md5 = 38c84a84e793, data_deliveries_md5 = 5df905d4f307, আর git_commit. Orders-এর md5 ল্যাবের binding মানের (38c84a84e7936d27…) সাথে মেলে, অর্থাৎ ডেটা ঠিক কোর্সের বাজারঘর। DVC ব্যবহার করলে এখানে DVC-র md5 বা dvc.lock-এর hash লিখুন।

Git-এর কী হলো? MLflow script যদি একটি git repository-র ভেতরে চলে, তাহলে নিজেই mlflow.source.git.commit tag লেখে। আমার ল্যাবের folder git repository নয়, আর run-এর tag-এ ঠিক এটিই দেখা গেল: শুধু mlflow.source.name, mlflow.source.type (LOCAL), mlflow.user, mlflow.runName আর mlflow.parentRunId; git commit নেই। দলের নিয়ম হওয়া উচিত: commit না করা কোড থেকে “আসল” run নয়, আর CI বা Airflow-এর run commit-এর hash tag-এ লিখবে। Commit-এর ধারণা Software Engineering ও Git কোর্সের পর্ব ৫২-এ।

সময়ের অঞ্চল param-এ: বাজারঘরের split ঢাকার অর্ডারের তারিখে, তাই প্রতিটি run-এ split_tz=Asia/Dhaka, train_from=2026-01-01, train_to=2026-02-14 param হিসেবে লেখা। ছয় মাস পরে কেউ UTC তারিখে split করে একই নামের experiment-এ লিখলে সংখ্যা মিলবে না, আর param না থাকলে কেউ কারণ খুঁজে পাবে না। MLflow-এর নিজের সময়গুলো (start_time, metric-এর timestamp) epoch millisecond-এ, অর্থাৎ UTC.

৭ · Nested run-এ ছোট grid, step-সহ metric আর search_runs

পরের পরীক্ষা: logreg-এর C তিনটি মানে (০.১, ১.০, ১০) আর hgb-এর max_depth দুটিতে (৩, ৫), মোট পাঁচটি grid বিন্দু। একটি parent run grid-2026-11-23-এর ভেতরে পাঁচটি child, start_run(nested=True) দিয়ে। Parent-এ থাকে পুরো খোঁজের তথ্য (hash, owner), child-এ প্রতিটি বিন্দুর param, metric আর model. UI-তে child-গুলো parent-এর নিচে ভাঁজ হয়ে থাকে, তাই ৫০টি বিন্দুর খোঁজও একটি সারি। পূর্ণ grid ২৭.৫ সেকেন্ডে শেষ:

$ python track_grid.py sqlite:///team.db ~/lab/team/artifacts
logreg-C0.1        run defeac3d model_id m-50b3b68f valid_auc 0.7375 eid_auc 0.7457
logreg-C1.0        run fb3d644e model_id m-d74b76b1 valid_auc 0.7365 eid_auc 0.7451
logreg-C10.0       run 3614473d model_id m-76812f92 valid_auc 0.7365 eid_auc 0.7451
hgb-max_depth3     run 25a85c37 model_id m-506a23a0 valid_auc 0.7238 eid_auc 0.7286
hgb-max_depth5     run d7af92a4 model_id m-70eccbbc valid_auc 0.6991 eid_auc 0.7115
grid seconds 27.5

C=১.০ আর hgb depth 3 হুবহু কোর্সের binding সংখ্যা (০.৭৩৬৫, ০.৭২৩৮; ঈদের ভিড়ে ০.৭৪৫১, ০.৭২৮৬)। নতুন খবর দুটি: C=০.১ validation-এ সামান্য ভালো (০.৭৩৭৫), আর গভীর hgb (depth 5) স্পষ্টভাবে খারাপ (০.৬৯৯১)।

Hgb-এর child-এ একটি metric step-সহ লেখা: প্রতি ২৫ boosting iteration-এ validation AUC (staged_predict_proba দিয়ে), key valid_auc_by_iter. MLflow UI এটিকে একটি রেখাচিত্র হিসেবে আঁকে। নিচের block-এ ল্যাবের get_metric_history-এর আসল মানগুলো দিয়ে সেই রেখা পড়ে দেখুন:

# MlflowClient().get_metric_history(run_id, "valid_auc_by_iter") — ল্যাবের আসল মান
hist = {
  "hgb-max_depth3": [(25, 0.726), (50, 0.733), (75, 0.7331), (100, 0.7317),
                     (125, 0.7294), (150, 0.7282), (175, 0.7258), (200, 0.7238)],
  "hgb-max_depth5": [(25, 0.7277), (50, 0.7245), (75, 0.7172), (100, 0.7109),
                     (125, 0.7063), (150, 0.7013), (175, 0.7005), (200, 0.6991)],
}
for run, pts in hist.items():
    best_step, best = max(pts, key=lambda p: p[1])
    last_step, last = pts[-1]
    print(f"{run}: best step {best_step} auc {best:.4f}, "
          f"final step {last_step} auc {last:.4f}, lost {best - last:.4f}")
    for s, v in pts:
        print(f"  {s:>3} {v:.4f} " + "#" * round((v - 0.69) * 400))
print("latest_metrics keeps only:", {r: p[-1] for r, p in hist.items()})

আসল আউটপুট (ব্রাউজারের Python):

hgb-max_depth3: best step 75 auc 0.7331, final step 200 auc 0.7238, lost 0.0093
   25 0.7260 ##############
   50 0.7330 #################
   75 0.7331 #################
  100 0.7317 #################
  125 0.7294 ################
  150 0.7282 ###############
  175 0.7258 ##############
  200 0.7238 ##############
hgb-max_depth5: best step 25 auc 0.7277, final step 200 auc 0.6991, lost 0.0286
   25 0.7277 ###############
   50 0.7245 ##############
   75 0.7172 ###########
  100 0.7109 ########
  125 0.7063 #######
  150 0.7013 #####
  175 0.7005 ####
  200 0.6991 ####
latest_metrics keeps only: {'hgb-max_depth3': (200, 0.7238), 'hgb-max_depth5': (200, 0.6991)}

Depth 3-এর রেখা ৭৫ iteration-এ চূড়ায় (০.৭৩৩১), তারপর নামতে নামতে ২০০-তে ০.৭২৩৮, হারাল ০.০০৯৩: শুধু শেষ মান লিখলে এটি জানা যেত না। Depth 5 শুরু থেকেই নামে, ২৫-এর ০.৭২৭৭ থেকে ২০০-তে ০.৬৯৯১, হারাল ০.০২৮৬। দুটিই বলে hgb-কে আগে থামানো উচিত, অর্থাৎ early stopping বা কম iteration পরীক্ষার যোগ্য। কিন্তু সাবধান: চূড়াটি validation দেখে বাছা, তাই ০.৭৩৩১-কে নিরপেক্ষ মাপ ভাবা যাবে না; সেটি হবে একটি নতুন run, নতুন জানালায় যাচাই। শেষ লাইন দেখায় কেন: backend-এর latest_metrics টেবিল প্রতিটি key-র শুধু শেষ মান রাখে, পুরো ইতিহাস থাকে metrics টেবিলে।

search_runs দিয়ে খোঁজা, আর champion

UI-তে দুটি run পাশাপাশি দেখা সহজ, কিন্তু দলের নিয়ম কোডে থাকা উচিত। mlflow.search_runs একটি filter string নেয়, SQL-এর WHERE-এর মতো, আর একটি pandas DataFrame দেয়:

df = mlflow.search_runs([eid],
        filter_string="metrics.valid_auc > 0.72 and tags.mlflow.parentRunId != ''",
        order_by=["metrics.valid_auc DESC"])

tags.mlflow.runName params.model params.C params.max_depth  metrics.valid_auc  metrics.valid_log_loss   status
        logreg-C0.1       logreg      0.1             None             0.7375                  0.4997 FINISHED
       logreg-C10.0       logreg     10.0             None             0.7365                  0.5000 FINISHED
        logreg-C1.0       logreg      1.0             None             0.7365                  0.5000 FINISHED
     hgb-max_depth3          hgb     None                3             0.7238                  0.5081 FINISHED
columns: 28
team.db · experiment bazarghar-late-delivery
ধাপ
run বাকি
খবর
  1. সব run: experiment-এ সাতটি: একটি FAILED (skops-এর ফাঁদ), ছয়টি FINISHED (একটি parent, পাঁচটি child).
  2. শুধু child: tags.mlflow.parentRunId != '' parent আর parent-হীন ব্যর্থ run দুটোই বাদ দেয়। পাঁচটি বাকি।
  3. সীমা: metrics.valid_auc > 0.72: hgb depth 5 (০.৬৯৯১) বাদ, চারটি বাকি।
  4. ক্রম: ORDER BY metrics.valid_auc DESC: C0.1 ০.৭৩৭৫, তারপর C10 আর C1.0 দুটিই ০.৭৩৬৫, তারপর hgb ০.৭২৩৮। সমান মানে ক্রম নিশ্চিত নয়।
  5. শীর্ষে: logreg C=০.১, champion-এর (C=১.০) চেয়ে ০.০০১০ বেশি; ঈদের জানালায়ও ০.৭৪৫৭ বনাম ০.৭৪৫১।
  6. সিদ্ধান্ত: একটি উদাহরণ-নিয়ম ধরা যাক: “validation AUC অন্তত ০.০০৫ না বাড়লে champion বদলাবে না”। ০.০০১০ এর অনেক নিচে, আর সেটিও validation দেখে বাছা। তাই champion থাকে C=১.০; আসল gate পর্ব ৫৯-এ।
  7. Registry: C=১.০-এর LoggedModel m-d74b76b1 → late-delivery version 1, alias champion. Alias দিয়ে খুলে serving-এর উদাহরণ সারিতে ০.৮৩৩৯, কোর্সের serving উদাহরণের সাথে হুবহু।

Registry-তে তোলা আর alias দেওয়া মাত্র কয়েক লাইন। Registry-র পুরো নিয়ম (version, approval, lineage, rollback) পর্ব ৬২ · Model registry — version, alias, lineage আর approval-এ আসবে; এখানে শুধু সেতুটি:

c = mlflow.MlflowClient()
r = c.search_runs([eid], "tags.mlflow.runName = 'logreg-C1.0'")[0]
model_id = r.outputs.model_outputs[0].model_id
mv = mlflow.register_model(f"models:/{model_id}", "late-delivery")
c.set_registered_model_alias("late-delivery", "champion", mv.version)
m = mlflow.sklearn.load_model("models:/late-delivery@champion")

Successfully registered model 'late-delivery'.
Created version '1' of model 'late-delivery'.
registered late-delivery version 1 run fb3d644e source models:/m-d74b76b1dd254119a9cbaae5a11dce26
champion predicts 0.8339

সত্যিকারের run. লক্ষ করুন models:/m-…: MLflow 3-এ registry-র version একটি LoggedModel-কে নির্দেশ করে। পুরোনো tutorial-এ পাবেন transition_model_version_stage(..., "Production"); stage-এর এই ব্যবস্থা MLflow 2.9 থেকে deprecated, এখন alias আর tag দিয়ে কাজ।

পরীক্ষার ধাঁচে একটি সমাধান করা সমস্যা: backend-এ কত সারি?

প্রশ্ন: একটি grid-এ logreg-এর C-এর ৩টি মান আর hgb-এর max_depth-এর ২টি মান, প্রতিটি একটি nested child. প্রতিটি child-এ সাতটি validation metric (late_rate, auc, log_loss, brier, precision, recall, mean_pred) একবার করে লেখা হয়, আর hgb-এর child-এ valid_auc_by_iter প্রতি ২৫ iteration-এ, ২০০ iteration পর্যন্ত। Param: logreg-এ C, model, threshold, train_from, train_to, split_tz; hgb-এ max_iter, learning_rate, max_depth আর বাকি পাঁচটি। Backend-এর metrics, latest_metrics আর params টেবিলে কত সারি হবে?

  1. Metric-এর ইতিহাস: সাতটি metric × ৫টি child = ৩৫। Hgb-এ step ২৫, ৫০, …, ২০০, অর্থাৎ ২০০ ÷ ২৫ = ৮টি মান, দুটি hgb child-এ ১৬। মোট metrics = ৩৫ + ১৬ = ৫১।
  2. শেষ মান: latest_metrics প্রতিটি (run, key)-এ একটি সারি: ৩৫ + ২ = ৩৭।
  3. Param: logreg-এর ৩টি child × ৬ = ১৮; hgb-এর ২টি child × ৮ = ১৬ (max_depth একবারই গোনা, কারণ একই key দুবার লেখা যায় না)। মোট ৩৪।
  4. যাচাই: ল্যাবের team.db-তে গুনে পেয়েছি ঠিক metrics 51, latest_metrics 37, params 34; আর logged_model_metrics 35, কারণ সাতটি validation metric প্রতিটি model-এর সাথেও জোড়া।

এই হিসাবের ব্যবহারিক দিক: step-এর ঘনত্ব backend-এর আকার ঠিক করে। ১,০০০ iteration-এর একটি model প্রতি iteration-এ পাঁচটি metric লিখলে একটি run-এই ৫,০০০ সারি; ১০০ run-এর খোঁজে ৫ লাখ। Deep learning-এ প্রতি batch-এ metric লিখলে সংখ্যা আরও বড়, তাই দলে step-এর ঘনত্বেরও নিয়ম রাখুন।

৮ · দলের অভ্যাস — নাম, কী লিখবেন না, কতদিন রাখবেন, আর বিকল্প tool

Tool-এর চেয়ে নিয়ম বেশি জরুরি। ছয় মাস পরে ৮০০টি run-এর store-এ কিছু খুঁজে পাওয়া যাবে কি না, তা ঠিক হয় প্রথম সপ্তাহের অভ্যাসে। বাজারঘরের দলের জন্য একটি প্রস্তাবিত নিয়মপত্র:

বিষয়নিয়মকেন
Experimentএকটি ব্যবসার সমস্যায় একটি: bazarghar-late-delivery; ব্যক্তির নামে নয়তুলনা একই ঘরে; মানুষ বদলায়, সমস্যা থাকে
Run-এর নাম<model>-<মূল knob>, যেমন logreg-C1.0; খোঁজ হলে parent grid-<তারিখ>UI-তে এক নজরে পড়া যায়
Metric-এর নাম<জানালা>_<মাপ>: valid_auc, eid_rush_auc; @ বদলে _at_Filter আর রেখাচিত্রে একরূপ নাম
আবশ্যিক taggit_commit, ডেটার hash, owner, split_tz paramLineage; পর্ব ৫৬-এর পাঁচ উপাদান
কখনো নয়গ্রাহকের নাম, ফোন, অর্ডারের কাঁচা সারি, password, API key, DB URI-তে passwordStore-এ সবাই পড়ে; মোছা কঠিন
RetentionFAILED আর পরীক্ষামূলক run ৩০ দিনে মোছা; registry-তে তোলা version আর তার run সবসময় রাখাArtifact store-এর আকার বাড়তেই থাকে

কী লিখবেন না: input example-এ সাধারণত আসল সারি যায়। বাজারঘরের feature-এ ব্যক্তিগত তথ্য নেই (courier, zone, ওজন, ঘণ্টা), কিন্তু কেউ customer_id বা phone-সহ DataFrame থেকে signature আর input example বানালে সেই সারি artifact-এ চিরকাল থাকবে। পর্ব ৫২-এর PII-র নিয়ম tracking store-এও খাটে, আর কেউ তার তথ্য মুছতে বললে artifact store-ও খুঁজতে হয়। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৬ (৬৩ নং) এই দায়কে আইনি রূপ দেয়; বিস্তারিত বিধান পর্ব ৫২-এ, আর কোনো আইনি সিদ্ধান্তের আগে মূল আইন পড়ুন। একইভাবে secret: log_params(os.environ) জাতীয় শর্টকাট বা postgresql://ml:realpassword@… param-এ লিখলে password সবার চোখে। Tracking URI-র credential environment variable বা secret manager থেকে আসুক।

Retention, সংখ্যা দিয়ে: এই পর্বের মাপে একবার logreg আর hgb (depth 3) লগ করলে artifact store-এ ১,০৬,৫৭০ + ১২,৬৯,৫৫০ = ১৩,৭৬,১২০ byte যোগ হয়। প্রতি রাতে retraining হলে বছরে ৩৬৫ × ১৩,৭৬,১২০ = ৫০,২২,৮৩,৮০০ byte, প্রায় ৫০২ MB, শুধু এই দুটি model-এর। শেষ ৩০ দিন আর registry-তে তোলা version রাখলে ৪,১২,৮৩,৬০০ byte আর কয়েকটি version. পর্ব ৫৩-এর মতো এখানেও হিসাব byte-এ, আর মোছার আগে দেখুন কোনো registry version সেই artifact-এর ওপর নির্ভর করে কি না। MLflow-এ mlflow gc “deleted” অবস্থার run-এর artifact স্থায়ীভাবে মোছে।

বিকল্প tool, নিরপেক্ষভাবে

একই কাজের আরও tool আছে; ধারণা একই (run, param, metric, artifact), পার্থক্য hosting আর আকারে। কোনো র‍্যাঙ্কিং নয়, শুধু কী ধরনের:

Toolধরন (নভেম্বর ২০২৬-এ যাচাই)
TensorBoardTensorFlow-এর সাথে আসা ভিজ্যুয়ালাইজার, Apache-2.0; মূলত metric-এর রেখা, নিজের যন্ত্রে
Weights & Biasesমূলত hosted সেবা; client library খোলা, server-এর নিজে-চালানো সংস্করণ আলাদা শর্তে
Cometমূলত hosted সেবা, client library দিয়ে logging
NeptuneHosted সেবা ছিল; ২০২৫-এর ডিসেম্বরে OpenAI একে অধিগ্রহণের ঘোষণা দেয়, আর Neptune-এর ঘোষণা অনুযায়ী hosted সেবা ২০২৬-এর মার্চের শুরুতে বন্ধ হয়
Aimখোলা উৎসের tracker, নিজের যন্ত্রে চালানো যায়
ClearMLখোলা উৎসের অংশসহ প্ল্যাটফর্ম: tracking-এর সাথে orchestration আর ডেটা ব্যবস্থাপনা

বাছাইয়ের প্রশ্ন: ডেটা কোথায় থাকবে (নিজের যন্ত্রে না অন্যের সেবায়), দল কত বড়, কোন orchestrator আর registry আগে থেকে আছে, আর tool বন্ধ হলে store থেকে run বের করা যায় কি না। Neptune-এর ঘটনা শেষ প্রশ্নটিকে বাস্তব করেছে: hosted খাতার মালিক আপনি নন।

আরও গভীরে: Databricks ২০১৮ সালের জুনে MLflow-কে একটি খোলা উৎসের প্রকল্প হিসেবে ঘোষণা করে, tracking, projects আর models, এই তিন অংশ নিয়ে; registry আসে পরে, আর 1.0 প্রকাশ ২০১৯ সালে। MLflow 3 (২০২৫) LoggedModel আর GenAI-এর trace যোগ করে, যার কারণে backend-এ এখন ৭১টি টেবিল। Backend store-এর schema Alembic migration দিয়ে চলে, তাই store-এর version আর client-এর version-এর সম্পর্ক আছে: পুরোনো server-এ নতুন client-এর কিছু API (যেমন LoggedModel) নাও চলতে পারে। দলে server আর client-এর version একসাথে বাড়ান।

পরীক্ষা ও ইন্টারভিউতে:

  • Param আর metric-এর পার্থক্য? Param run-এর আগে ঠিক করা ইনপুট, string, একবার লেখা; metric ফল, সংখ্যা, step আর সময়সহ বারবার লেখা যায়।
  • Backend store আর artifact store কেন আলাদা? ছোট, খোঁজার মতো সারি SQL database-এ; বড় ফাইল (model, ছবি) সস্তা ফাইল-ভাণ্ডারে। Backup, অনুমতি আর আকারের নিয়ম আলাদা।
  • Autolog যথেষ্ট? না: training ডেটার metric লেখে, আর তার নাম ও default version-ভেদে বদলায়; সিদ্ধান্তের metric নিজে লিখুন।
  • Nested run কখন? একটি খোঁজ (grid বা random search) একটি parent-এ, প্রতিটি বিন্দু একটি child-এ; তুলনা আর পরিষ্কার দুটিই সহজ।
  • MLflow 3-এ model কোথায়? LoggedModel হিসেবে, নিজের model_id, metric আর source run-সহ; registry-র version তাকেই নির্দেশ করে, stage নয় alias দিয়ে।

৯ · AI-এর যুগে MLflow-এর কোড — দ্রুত লেখা, কিন্তু version মিলিয়ে

“আমার training script-এ MLflow যোগ করো” বললে AI চটপট কোড দেয়। সমস্যা হলো MLflow দ্রুত বদলায়, আর AI-এর শেখা উদাহরণের বড় অংশ MLflow 1 বা 2-এর। এই পর্বের ল্যাবে যা দেখেছেন তার অনেকটাই AI-এর কোডে উল্টো আসে:

AI প্রায়ই যা লেখেকী ভাঙেকীভাবে ধরবেন
transition_model_version_stage("Production")Deprecated stage; MLflow 3-এর alias-ভিত্তিক serving খুঁজে পায় নাInstalled version-এর docs; @champion দিয়ে load
log_model(model, artifact_path="model")MLflow 3-এ যুক্তির নাম name; পুরোনোটি সতর্কবার্তা দেয়সতর্কবার্তা পড়া; LoggedModel-এর তালিকা
শুধু autolog(), তার metric দেখে বাছাইTraining metric-এ ভুল model জেতে (hgb ০.৮০৪৮)নিজে validation জানালার metric
HGB লগ, কোনো trusted type ছাড়া, বা সব type বিশ্বস্তLogging ব্যর্থ; বা নিরাপত্তার দরজা খোলাশুধু নির্দিষ্ট পর্যালোচিত type
Loop-এ start_run(), nested=True ছাড়া“already active” error বা সব এক run-এছোট grid-এ চালিয়ে run গোনা
URI-তে password, log_params(config)-এ গোপন মানSecret সবার কাছে, store থেকে মোছা কঠিনParam-এর তালিকা পড়া; secret scan
Random split, তারিখের সময় অঞ্চল নেইভবিষ্যতের ডেটা ফাঁস; UTC-তে অন্য সারিsplit_tz আর তারিখ param-এ; সারির সংখ্যা ২,৬৪৩ / ৮৩৪ মেলানো

AI-কে কাজ দেওয়ার সময় version, store আর নিয়ম একসঙ্গে দিন:

তুমি একজন অভিজ্ঞ MLOps engineer. আমাদের MLflow 3.18.0 আর scikit-learn 1.9.1; tracking server http://127.0.0.1:9104, backend PostgreSQL, artifact proxy চালু। নিচের train.py-তে tracking যোগ করো। শর্ত: ১. Experiment "bazarghar-late-delivery"; একটি parent run-এর ভেতরে প্রতিটি hyperparameter বিন্দু একটি nested child. ২. Param: model, C বা max_depth, threshold 0.35, train_from, train_to, split_tz=Asia/Dhaka. Metric নিজে লিখবে, validation জানালায়, নাম valid_auc, valid_log_loss, valid_brier. ৩. log_model-এ name, signature আর input_example দাও; HistGradientBoosting হলে শুধু TreePredictor-কে skops_trusted_types-এ দাও, আর কেন তা এক লাইনে বলো। ৪. Tag-এ git commit আর ডেটার md5; কোনো password, গ্রাহকের নাম বা ফোন কোথাও log হবে না। ৫. Stage নয়, alias "champion" ব্যবহার করো। কোনো API MLflow 3.18-এ আছে কি না নিশ্চিত না হলে বলো। ৬. শেষে যাচাইয়ের ধাপ দাও: run আর child-এর সংখ্যা, প্রতিটি run-এর param-এর তালিকা, আর logreg C=1.0-এর valid AUC 0.7365 মিলছে কি না।

AI-এর MLflow কোড হাতে পেলে — যাচাইয়ের চেকলিস্ট

ভাবনার প্রশ্ন

প্রতিটি প্রশ্ন নিয়ে নিজে কিছুক্ষণ ভাবুন, তারপর “→ উত্তর” চাপুন।

প্র ০১Spreadsheet আর notebook দিয়ে ML চলছিল বহু বছর। ২০১৭–২০১৮ সালের দিকে experiment tracking-এর আলাদা tool হঠাৎ কেন দরকার হলো?

২০১০-এর দশকের প্রথমভাগে বেশিরভাগ ML দল ছোট ছিল, আর একটি model বছরে কয়েকবার train হতো। একজন গবেষক নিজের notebook-এ লিখে রাখলেই চলত। দশকের মাঝামাঝি তিনটি জিনিস একসাথে বদলায়। এক, deep learning আর gradient boosting-এর যুগে একটি সমস্যায় শত শত run: hyperparameter, feature আর architecture-এর অগণিত সমাহার। দুই, model production-এ যেতে শুরু করে, আর প্রশ্ন ওঠে “আজ যে model চলছে, সেটি কোন ডেটা আর কোন কোড থেকে?” তিন, দল বড় হয়, এক model-এ কয়েকজন হাত দেন।

বড় প্রতিষ্ঠান আগে নিজেদের ভেতরের প্ল্যাটফর্ম বানায়: Uber ২০১৭ সালে তাদের Michelangelo প্ল্যাটফর্মের বর্ণনা প্রকাশ করে, যেখানে training, মূল্যায়ন আর deployment-এর রেকর্ড এক জায়গায় রাখা হতো। TensorFlow-এর সাথে ২০১৫ সাল থেকে TensorBoard ছিল, কিন্তু সেটি মূলত metric-এর রেখা দেখায়, দলের খাতা নয়। ২০১৮ সালের জুনে Databricks MLflow-কে খোলা উৎসের প্রকল্প হিসেবে ঘোষণা করে, যার মূল যুক্তি ছিল: প্রতিটি প্রতিষ্ঠান একই খাতা আলাদা করে বানাচ্ছে, অথচ কাজটি সবার এক। একই সময়ে hosted সেবাও আসে।

Spreadsheet কোথায় হার মানে? প্রথমত হাতে লেখা মানে ভুলে যাওয়া: এই পর্বের autolog-ও দেখাল কোন metric লেখা হলো আর কোনটি হলো না তা নির্ভর করে কোড কীভাবে লেখা তার ওপর। দ্বিতীয়ত model ফাইল আর তার metric একসাথে বাঁধা থাকে না; Spreadsheet-এর একটি সারি একটি ফাইলের নাম বলে, কিন্তু সেই ফাইল কেউ overwrite করলে সারিটি মিথ্যা হয়ে যায়। Tracking store-এ LoggedModel-এর model_id আর run-এর id সেই বাঁধন।

মূল উপলব্ধি: Tracking tool জন্মেছে run-এর সংখ্যা, production-এর দায় আর দলের আকার, এই তিনের চাপে। বাজারঘরের দলের দুজন হলেও প্রতি রাতে retraining শুরু হলেই সেই তিন চাপ এসে যায়।

প্র ০২Autolog training ডেটায় hgb-কে এগিয়ে রাখল, validation-এ logreg জিতল। Tracking tool কি ভুল সিদ্ধান্তকে আরও সহজ করে দিতে পারে?

পারে, আর এটি tool-এর দোষ নয়, ব্যবহারের। এই পর্বের ল্যাবে autolog training-এ hgb ০.৮০৪৮, logreg ০.৭৪৫০ লিখল; সত্যিকারের প্রশ্ন, অর্থাৎ নতুন সপ্তাহের অর্ডারে কোনটি ভালো, তার উত্তর validation-এ উল্টো: logreg ০.৭৩৬৫, hgb ০.৭২৩৮। UI-তে দুটি run পাশাপাশি রাখলে বড় সংখ্যাটিই চোখে পড়ে, আর তার নামের training_ অংশটি সহজেই উপেক্ষিত হয়।

দ্বিতীয় ফাঁদ আরও সূক্ষ্ম। Tracking যত সহজ, তত বেশি run, আর যত বেশি run, তত বেশি সম্ভাবনা যে কোনো একটি শুধু ভাগ্যে validation-এ ভালো করবে। Machine Learning কোর্সের পর্ব ০৪-এর “garden of forking paths” ঠিক এটিই। এই পর্বের grid-এ C=০.১ ০.০০১০ বেশি পেয়েছে; পাঁচটি বিন্দুর মধ্যে সেরাটি বাছলে সেই সেরার মান কিছুটা ফোলানো, কারণ বাছাইটাই validation দেখে। ৫০টি বিন্দু হলে ফোলানো আরও বেশি।

Goodhart-এর সূত্রের একটি রূপ এখানে খাটে: যে মাপ লক্ষ্য হয়ে যায়, সে ভালো মাপ থাকে না। একটি leaderboard-ধরনের UI দলকে সেই একটি সংখ্যার পেছনে দৌড়াতে উৎসাহ দেয়। প্রতিকার কয়েকটি। সিদ্ধান্তের metric আগে থেকে লিখে রাখা (কোন জানালা, কোন মাপ)। একটি আলাদা জানালা, যা বাছাইয়ে ব্যবহার হয় না, শুধু শেষ যাচাইয়ে; বাজারঘরে mar_normal বা after_eid. ন্যূনতম উন্নতির নিয়ম, যেমন ০.০০৫. আর খোঁজের সব বিন্দু, ব্যর্থগুলোসহ, store-এ রাখা, যাতে পরে কেউ জানতে পারে কতগুলো চেষ্টার পরে জয় এসেছে।

মূল উপলব্ধি: Tracking সব দেখায়, কিন্তু কী দেখবেন তা ঠিক করে দেয় না। সিদ্ধান্তের নিয়ম tool-এর বাইরে, আগে থেকে, লিখিত থাকতে হয়।

প্র ০৩MLflow backend store আর artifact store আলাদা রাখে। Data engineering-এর কোন নকশার সাথে এর মিল, আর আলাদা রাখার দাম কী?

মিলটি খুব কাছের: পর্ব ৪৮-এর open table format. Iceberg বা Delta-তে ডেটার Parquet ফাইল object storage-এ, আর কোন ফাইল কোন snapshot-এর তার metadata আলাদা স্তরে; query engine আগে metadata পড়ে, তারপর শুধু দরকারি ফাইল। MLflow-এও একই যুক্তি: run, param, metric ছোট আর ঘন ঘন খোঁজা হয়, তাই SQL database-এ index-সহ; model আর ছবি বড়, কদাচিৎ পড়া, তাই সস্তা ফাইল-ভাণ্ডারে। এই পর্বের মাপে backend ১০,৪০,৩৮৪ byte আর artifact ৩১,৩৩,০২৯ byte, যদিও run মাত্র সাতটি; বছরের retraining-এ artifact-এর ভাগ আরও বাড়বে।

আলাদা রাখার লাভ: database ছোট থাকে, search_runs দ্রুত, আর ফাইলের ভাণ্ডার নিজের মতো বাড়ে, lifecycle rule দিয়ে পুরোনো ফাইল সস্তা স্তরে সরে। অনুমতিও আলাদা করা যায়: সবাই metric পড়তে পারে, কিন্তু model ফাইল নামাতে আলাদা অনুমতি।

দাম হলো দুই সত্যের ঝুঁকি। Backend-এ সারি আছে কিন্তু artifact মুছে গেছে, বা উল্টো: artifact আছে, যাকে কোনো সারি নির্দেশ করে না। কেউ object storage-এ সরাসরি একটি folder মুছলে MLflow জানে না; registry-র champion তখন একটি অনুপস্থিত ফাইলকে নির্দেশ করবে। এ কারণেই মোছা MLflow-এর পথে (mlflow gc) করা উচিত, আর দুই ভাণ্ডারের backup একই সময়ের হওয়া উচিত, যাতে restore-এর পরে দুটি মেলে। Artifact proxy (mlflow-artifacts:/) এখানে সাহায্য করে, কারণ client-রা storage সরাসরি ছোঁয় না।

মূল উপলব্ধি: Metadata আর বড় ফাইল আলাদা রাখা ডেটা প্ল্যাটফর্মের একটি পুনরাবৃত্ত নকশা: দ্রুত খোঁজ আর সস্তা জমার বিনিময়ে দুই ভাণ্ডারের সঙ্গতির দায়িত্ব আপনার।

প্র ০৪Hosted tracking সেবা না নিজের server? Neptune-এর ঘটনা আর বাংলাদেশের উপাত্ত আইন এই সিদ্ধান্তে কী যোগ করে?

Hosted সেবার সুবিধা স্পষ্ট: server, backup, upgrade আর UI-এর দায় অন্যের, দল প্রথম দিন থেকে কাজ করে। নিজের server-এর সুবিধা নিয়ন্ত্রণ: ডেটা কোথায় থাকে, কে দেখে, কতদিন। এই পর্বে দেখেছেন নিজের server-এর দামও আছে: --workers 1-এও ১১টি process আর প্রায় ২.১ GB মেমরি, database migration, নিরাপত্তার সেটিং।

২০২৫-এর ডিসেম্বরে OpenAI Neptune অধিগ্রহণের ঘোষণা দেয়, আর Neptune-এর নিজের ঘোষণা অনুযায়ী তাদের hosted সেবা ২০২৬-এর মার্চে বন্ধ হওয়ার কথা ছিল, সাথে ব্যবহারকারীদের ডেটা রপ্তানির সময়সীমা। যে দলগুলো বছরের পর বছর সেখানে run রেখেছিল, তাদের হঠাৎ রপ্তানি আর নতুন tool-এ সরানোর প্রকল্প নিতে হয়। শিক্ষাটি কোনো একটি কোম্পানির বিরুদ্ধে নয়: যেকোনো hosted সেবা দাম, শর্ত বা অস্তিত্ব বদলাতে পারে। তাই প্রশ্ন “আজ কোনটি সুবিধাজনক” নয়, “কাল বেরোতে হলে কতটা কঠিন”। খোলা ফরম্যাটে রপ্তানি, model ফাইল নিজের storage-এ রাখা, আর registry-র তথ্যের নিয়মিত কপি সেই দরজা খোলা রাখে।

আইনের দিকও আছে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৬ (৬৩ নং) ব্যক্তিগত উপাত্তের প্রক্রিয়া, স্থানান্তর আর মোছার দায় নির্ধারণ করে; বিস্তারিত বিধান কীভাবে প্রয়োগ হবে তা পর্ব ৫২-এ সতর্কতার সাথে আলোচিত, আর সিদ্ধান্তের আগে মূল আইন ও আইনজ্ঞের পরামর্শ দরকার। Tracking store-এ যদি input example বা artifact-এ গ্রাহকের সারি থাকে, তা বিদেশি hosted সেবায় যাওয়া মানে ব্যক্তিগত উপাত্তের স্থানান্তর। সবচেয়ে সহজ পথ হলো store-এ ব্যক্তিগত তথ্য না রাখা; বাজারঘরের feature-এ তা নেই, কিন্তু নিয়মটি লিখিত থাকা চাই।

মূল উপলব্ধি: Hosting-এর সিদ্ধান্ত শুধু সুবিধার নয়: বেরোনোর পথ, ডেটা কোথায় যায়, আর store-এ কী রাখেন, এই তিনটি একসাথে ঠিক করুন।

প্র ০৫MLflow কেন scikit-learn model pickle-এর বদলে skops-এ রাখে, আর HistGradientBoosting-এর জন্য একটি type-কে “বিশ্বস্ত” বলা কতটা নিরাপদ?

Python-এর pickle ফরম্যাট খোলার সময় ফাইলের নির্দেশ মেনে যেকোনো callable চালাতে পারে; Python-এর নিজের documentation সতর্ক করে অবিশ্বস্ত উৎসের pickle কখনো না খুলতে। Model registry ঠিক সেই জায়গা যেখানে অনেকে ফাইল রাখে আর অনেকে খোলে: একজন আক্রমণকারী একটি run-এ “model” লগ করতে পারলে, যে serving process সেটি খুলবে সে তার কোড চালাবে। Tracking server তাই নিরাপত্তার সীমানার ভেতরে পড়ে।

skops এই সমস্যার উত্তর হিসেবে বানানো: ফাইলে object-এর কাঠামো লেখে, আর খোলার সময় শুধু জানা, বিশ্বস্ত type বানায়; অচেনা type পেলে তালিকা দেখিয়ে থামে। এই পর্বের ল্যাবে MLflow 3.18 সেই পথে গেছে, আর অচেনা type-এ logging-এর সময়েই ব্যর্থ হয়, যাতে পরে খোলার সময় অবাক হতে না হয়। Autolog এখনো pickle ব্যবহার করে আর সতর্কবার্তা দেয়, যা দেখায় পরিবর্তনটি পুরো tool-এ সমানভাবে আসেনি।

HistGradientBoosting-এর TreePredictor-এর ক্ষেত্রে বার্তাটি খুব স্পষ্ট ছিল: এর node array-র সূচক scikit-learn সীমা যাচাই ছাড়া ব্যবহার করে, তাই একটি জাল ফাইল খোলার সময় নিরাপদ মনে হলেও predict()-এ process ভেঙে দিতে বা সীমার বাইরের মেমরি পড়তে পারে। অর্থাৎ “বিশ্বস্ত” বলা মানে উৎসকে বিশ্বাস করা, type-টি নিরাপদ নয়। নিজের pipeline-এ নিজের বানানো model-এর জন্য তা যুক্তিসঙ্গত; বাইরের কারও পাঠানো ফাইলে নয়।

তাই নিয়ম: trusted type-এর তালিকা যতটা ছোট সম্ভব, কোডে লেখা আর review-তে দেখা; কে artifact store-এ লিখতে পারে তা সীমিত; আর serving-এর process যতটা সম্ভব কম অধিকারে চলুক। বার্তার শেষ লাইনটিও মনে রাখুন: শুধু ফাইল খোলাতে সব অচেনা type বিশ্বস্ত বলবেন না।

মূল উপলব্ধি: Model ফাইল কোডের মতোই বিপজ্জনক। Safe format বিপদ কমায়, কিন্তু “trusted” শব্দটি একটি দায়িত্ব, যা দলের নিয়ম আর store-এর অনুমতির সাথে মিলিয়ে নিতে হয়।

অনুশীলন

প্রথমটি নকশা, দ্বিতীয়টি ভুল খোঁজা, তৃতীয়টি হিসাব, চতুর্থটি আউটপুট অনুমান।

  1. নকশা করুন: বাজারঘরে তিনজন ML engineer, একটি Airflow-এর রাতের retraining job আর CI. সবার জন্য একটি MLflow ব্যবস্থার পরিকল্পনা লিখুন: server, backend, artifact store, নিরাপত্তা, নাম, আবশ্যিক param ও tag, retention, আর version upgrade-এর নিয়ম।
    • Server: একটি ছোট যন্ত্রে mlflow server, ভেতরের নেটওয়ার্কে, সামনে login-সহ reverse proxy আর TLS; --allowed-hosts ঠিক করা। ল্যাবে --workers 1-এ ১১টি process, PSS প্রায় ২.১ GB (default-এ প্রায় ২.৭ GB), তাই শুরুতে অন্তত ৪ GB মেমরির যন্ত্র।
    • Backend: PostgreSQL, আলাদা database ও role; URI postgresql+psycopg2://… বা psycopg 3, password secret থেকে। প্রতিদিন backup.
    • Artifact: object storage-এর একটি bucket, শুধু server-এর অনুমতি; client-রা mlflow-artifacts:/ proxy দিয়ে।
    • নাম ও param: experiment bazarghar-late-delivery; run <model>-<knob>; param-এ train_from, train_to, split_tz=Asia/Dhaka, threshold; metric valid_*, eid_rush_*.
    • Tag: git_commit (Airflow আর CI-তে বাধ্যতামূলক), ডেটার md5 বা DVC hash, owner; Airflow-এর run-এ DAG run id.
    • Retention: FAILED আর পরীক্ষামূলক run ৩০ দিনে delete, তারপর mlflow gc; registry-র version-এর run চিরকাল।
    • Upgrade: server আর client একসাথে; আগে backup, তারপর mlflow db upgrade, একটি পরীক্ষা-store-এ আগে চালিয়ে।
  2. ভুল খুঁজুন: একজন সহকর্মী (বা AI) এই কোড দিলেন। অন্তত পাঁচটি সমস্যা বের করুন।
    mlflow.set_tracking_uri("postgresql://ml:Bazar2026@10.0.0.5/mlflow")
    mlflow.sklearn.autolog()
    for depth in [3, 5]:
        mlflow.start_run(run_name="test")
        pipe = make_hgb(max_depth=depth).fit(X_train, y_train)
        mlflow.log_params({"depth": depth, "customer_phones": list(df.phone[:5])})
        mlflow.sklearn.log_model(pipe, artifact_path="model")
    best = mlflow.search_runs(order_by=["metrics.training_roc_auc DESC"]).iloc[0]
    client.transition_model_version_stage("late-delivery", 1, "Production")
    • Password কোডে: URI-তে আসল password; environment variable বা secret manager থেকে আনুন। আর client-কে সরাসরি database-এ না দিয়ে tracking server-এর URL দিন।
    • Run বন্ধ হয় না: loop-এ start_run, কিন্তু with বা end_run নেই; দ্বিতীয়বার ল্যাবে সত্যিকারের error: “Run with UUID … is already active. To start a new run, first end the current run with mlflow.end_run(). To start a nested run, call start_run with nested=True”. আর দুটি run-এর নামই “test”.
    • PII: গ্রাহকের ফোন নম্বর param-এ; store-এ সবাই পড়ে, মোছা কঠিন (পর্ব ৫২)।
    • skops: HGB-কে skops_trusted_types ছাড়া লগ করলে MLflow 3.18-এ MlflowException; শুধু TreePredictor দিন। আর MLflow 3-এ যুক্তির নাম name.
    • ভুল metric-এ বাছাই: autolog-এর training_roc_auc train ডেটার; ল্যাবে এটি hgb-কে এগিয়ে রাখে (০.৮০৪৮), validation-এ logreg জেতে। search_runs-এ experiment id-ও নেই।
    • Stage: transition_model_version_stage deprecated; alias champion দিন (পর্ব ৬২)। আর split-এর তারিখ ও সময় অঞ্চল কোথাও লেখা নেই।
  3. হিসাব করুন: এই পর্বের মাপে logreg-এর model folder ১,০৬,৫৭০ byte আর hgb (depth 3)-এর ১২,৬৯,৫৫০ byte. (ক) প্রতি রাতে দুটিই লগ হলে এক বছরে (৩৬৫ রাত) artifact store কত বাড়বে? (খ) নীতি: শুধু শেষ ৩০ রাত রাখা, আর প্রতি মাসে একটি করে registry version (logreg) চিরকাল। বছর শেষে কত byte? (গ) প্রতি রাতে hgb-এর grid-এ depth 3 আর 5 দুটিই লগ হলে (depth 5 = ১৫,৩৯,৬৯৪ byte) (ক)-এর উত্তর কত হতো?
    • (ক) এক রাতে ১,০৬,৫৭০ + ১২,৬৯,৫৫০ = ১৩,৭৬,১২০ byte; বছরে ৩৬৫ × ১৩,৭৬,১২০ = ৫০,২২,৮৩,৮০০ byte, প্রায় ৫০২ MB.
    • (খ) শেষ ৩০ রাত: ৩০ × ১৩,৭৬,১২০ = ৪,১২,৮৩,৬০০ byte. বারোটি registry version: ১২ × ১,০৬,৫৭০ = ১২,৭৮,৮৪০ byte (তাদের কয়েকটি শেষ ৩০ রাতের ভেতরেও পড়তে পারে, তাই এটি ওপরের সীমা)। মোট সর্বোচ্চ ৪,২৫,৬২,৪৪০ byte, প্রায় ৪২.৬ MB, (ক)-এর প্রায় ৮.৫%.
    • (গ) এক রাতে ১৩,৭৬,১২০ + ১৫,৩৯,৬৯৪ = ২৯,১৫,৮১৪ byte; বছরে ৩৬৫ × ২৯,১৫,৮১৪ = ১,০৬,৪২,৭২,১১০ byte, প্রায় ১.০৬ GB. একটি গভীর model-ই প্রতি রাতের artifact দ্বিগুণের বেশি করে।
  4. আউটপুট অনুমান করুন: এই পর্বের team store-এ child run-গুলোর valid AUC আর log loss: C0.1 (০.৭৩৭৫, ০.৪৯৯৭), C1.0 (০.৭৩৬৫, ০.৫০০০), C10 (০.৭৩৬৫, ০.৫০০০), hgb3 (০.৭২৩৮, ০.৫০৮১), hgb5 (০.৬৯৯১, ০.৫৩৩৪)। search_runs(filter_string="params.model = 'logreg' and metrics.valid_auc >= 0.7365", order_by=["metrics.valid_log_loss ASC"]) কয়টি সারি দেবে, আর প্রথমটি কোনটি? আর filter-এ params.C > 0.5 লিখলে কী সমস্যা?

    তিনটি সারি: C0.1, C1.0, C10 (তিনটিরই AUC ০.৭৩৬৫ বা বেশি)। প্রথমটি C0.1, কারণ log loss সবচেয়ে কম (০.৪৯৯৭); বাকি দুটির log loss সমান, তাই তাদের পরস্পরের ক্রম নিশ্চিত নয়। দ্বিতীয় প্রশ্ন: param string হিসেবে জমা থাকে, তাই MLflow 3.18 param-এ > মানে না। ল্যাবে সত্যিকারের error: Invalid comparator '>' not one of '{'=', 'IS NOT NULL', '!=', 'LIKE', 'IS NULL', 'ILIKE'}'; উদ্ধৃতি ছাড়া 0.5 লিখলে আবার অন্য error: “Expected a quoted string value”. সংখ্যা দিয়ে খুঁজতে চাইলে মানটি metric হিসেবেও লিখুন বা DataFrame পাওয়ার পরে pandas-এ filter করুন।

নিজেকে যাচাই করুন

ভুল হলে কারণসহ ব্যাখ্যা পাবেন, আবার চেষ্টাও করতে পারবেন।

ক্রমMLflow-এ একটি training run-এর ধাপগুলো ঠিক ক্রমে সাজান (▲▼ চেপে সরান)

  1. 🔗 tracking URI আর experiment ঠিক করা
  2. ▶️ start_run: run-এর সারি, status RUNNING
  3. 📝 param আর dataset input লেখা
  4. 🏋️ model train করে validation জানালায় metric লেখা
  5. 📦 signature-সহ model লগ করা (LoggedModel)
  6. ✅ run শেষ: status FINISHED

একটি MLflow tracking server-এর backend store PostgreSQL আর artifact store একটি object storage bucket. একটি run-এর model.skops ফাইল কোথায় থাকবে?

  • PostgreSQL-এর একটি টেবিলে, binary কলামে
  • Object storage-এর bucket-এ, আর backend-এ শুধু তার ঠিকানা
  • শুধু tracking server-এর মেমরিতে
  • যে ল্যাপটপ run চালিয়েছে তার disk-এ

একটি loop-এ প্রতিটি hyperparameter-এর জন্য mlflow.start_run() ডাকা হলো, আগের run শেষ না করে আর nested=True ছাড়া। কী ঘটবে?

  • প্রতিটি নতুন run আগেরটির child হবে
  • আগের run নিজে থেকে শেষ হয়ে নতুনটি শুরু হবে
  • Run-টি already active বলে error হবে
  • সব hyperparameter একটি run-এর param-এ জমবে, শেষটি জিতবে

mlflow.sklearn.autolog() চালু রেখে বাজারঘরের logreg আর hgb train হলো। Run-এ training_roc_auc logreg ০.৭৪৫০, hgb ০.৮০৪৮। এর ভিত্তিতে কী বলা যায়?

  • কিছুই নিশ্চিত নয়: এটি train ডেটার মাপ, model বাছতে validation জানালার metric লাগবে
  • Hgb ভালো, তাই hgb-কে champion করা উচিত
  • Autolog validation ডেটায় মেপেছে, তাই সংখ্যা নির্ভরযোগ্য
  • Threshold ০.৩৫ না দেওয়ায় দুটি সংখ্যাই অর্থহীন

MLflow 3.18-এ একটি HistGradientBoosting pipeline log_model করতে গিয়ে “untrusted types … TreePredictor” error এল। সবচেয়ে ঠিক পদক্ষেপ কোনটি?

  • Pickle ফরম্যাটে ফিরে যাওয়া, যাতে error না আসে
  • get_untrusted_types()-এর পুরো তালিকা trusted হিসেবে দেওয়া
  • HistGradientBoosting বাদ দিয়ে শুধু logreg রাখা
  • নিজের বানানো model হলে শুধু TreePredictor-কে skops_trusted_types-এ দেওয়া

MLflow 3-এ registry-র একটি model-কে production-এর জন্য চিহ্নিত করার প্রস্তাবিত উপায় কোনটি?

  • Version-কে “Production” stage-এ সরানো
  • Version-এ champion-এর মতো একটি alias দেওয়া
  • Run-এ “production=true” tag দেওয়া
  • প্রতিবার নতুন নামে model register করা

একটি hgb run-এ valid_auc_by_iter metric প্রতি ২৫ iteration-এ লেখা হয়েছে: ২৫-এ ০.৭২৬০, ৭৫-এ ০.৭৩৩১, ২০০-তে ০.৭২৩৮। Backend-এর latest_metrics টেবিলে এই key-র কোন মান থাকবে?

  • ০.৭৩৩১, কারণ এটি সর্বোচ্চ
  • ০.৭২৬০, কারণ এটি প্রথম
  • ০.৭২৩৮, শেষ step-এর মান; পুরো ইতিহাস অন্য টেবিলে
  • তিনটির গড়

শব্দকোষ

লেখার মধ্যে ডটেড দাগ দেওয়া শব্দে মাউস রাখুন বা চাপুন, অর্থ দেখাবে। এই পর্বের সব নতুন শব্দ এখানে একসাথে:

মনে রাখুন

  1. সত্তা: experiment → run → param (ইনপুট, একবার), metric (ফল, step-সহ), tag, dataset, artifact; MLflow 3-এ model আলাদা LoggedModel, নিজের model_id আর metric-সহ।
  2. দলের কাঠামো: একটি tracking server, পেছনে SQL backend (SQLite থেকে PostgreSQL) আর artifact store; artifact proxy client-কে storage-এর চাবি থেকে মুক্ত রাখে। Server বাইরে খোলার আগে allowed hosts, login আর TLS.
  3. Autolog বনাম নিজে: autolog param আর training metric দেয়; সিদ্ধান্তের metric নিজে, validation জানালায়। বাজারঘরে training-এ hgb ০.৮০৪৮ জেতে, validation-এ logreg ০.৭৩৬৫।
  4. Model: signature, input example, skops; HGB-এ শুধু TreePredictor trusted. ব্যর্থ logging একটি FAILED LoggedModel রেখে যায়।
  5. Lineage আর অভ্যাস: dataset digest, ডেটা ও কোডের hash, git commit, split_tz; nested grid আর search_runs; ব্যক্তিগত তথ্য আর secret কখনো নয়; retention byte-এ হিসাব করে।

পরের পর্বে: পর্ব ৫৯ · Training pipeline — ডেটা থেকে evaluated model, ধাপে ধাপে. এই পর্বের script-কে পরিষ্কার ধাপে ভাগ করা হবে: ডেটা যাচাই, ঢাকার তারিখে split, feature, train, জানালা ও slice-ধরে মূল্যায়ন, আর একটি স্পষ্ট evaluation gate, যার ফল MLflow-এ যাবে।

আরও পড়ুন · ABCL TECH-এ আপনার পরবর্তী পদক্ষেপ

এই পর্বটি শেয়ার করুন:
এই পর্বে ভুল পেয়েছেন? জানান